ঢাকা সফরে থাকা ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, ভারত বাংলাদেশ সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক স্থাপন করতে চায়। তিনি জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে দিল্লি আগ্রহী, যা দুই দেশের জনগণের স্বার্থে সহায়ক হবে।
সোমবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ মন্তব্য করেন।
আজ সকালে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে, ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিক্রম মিশ্রি। পররাষ্ট্রসচিব হিসেবে এটি তার প্রথম বাংলাদেশ সফর।
বিক্রম মিশ্রি বলেন, "আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা এবং গঠনমূলক আলোচনা হয়েছে। আমি স্পষ্টভাবে উল্লেখ করেছি যে, ভারত বাংলাদেশে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক গড়তে চায়। আমরা অতীতে এমন সম্পর্কের উদাহরণ দেখেছি এবং ভবিষ্যতেও এটি জনকেন্দ্রিক এবং জনমুখী হিসেবে চলতে থাকবে, যেখানে সকল মানুষের কল্যাণকে গুরুত্ব দেওয়া হবে।"
ভারতের পররাষ্ট্রসচিব যোগ করেন, "একে অপরের জন্য সহায়ক এই সহযোগিতা আমাদের দুই দেশের জনগণের স্বার্থে অব্যাহত থাকবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আজ আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের বিষয়টি তুলে ধরেছি। একই সাথে, আমরা সাম্প্রতিক কিছু পরিস্থিতি ও সমস্যার ওপর আলোচনা করার সুযোগ পেয়েছি।"
তিনি আরও বলেন, "আমি সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে আমাদের উদ্বেগগুলো তুলে ধরেছি। এছাড়াও, সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির ওপর হামলার কিছু দুঃখজনক ঘটনার বিষয়ে আলোচনা করেছি।"
0 মন্তব্যসমূহ